কলকাতা, ২০শে ফেব্রুয়ারিঃ আন্তঃরাষ্ট্রীয় মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা পক্ষ “বাংলা ভাষার অধিকার সপ্তাহ” পালন করছে। রেলের সমস্ত পরিষেবায় বাংলা ভাষার দাবিতে ইস্টার্ন রেলের সদর দপ্তরে বিক্ষোভ কর্মসূচী করল বাংলা পক্ষ। বিক্ষোভ শেষে পূর্ব রেলের জেনেরেল ম্যানেজারকে স্মারকলিপি জমা দিল বাংলা পক্ষ।
বিভিন্ন ক্ষেত্রের রেলের পরিষেবা বাংলা ভাষায় পাওয়া যায় না। রেলের টিকিট কাউন্টারের বিভিন্ন হিন্দিভাষী কর্মী বাংলা ভাষায় কথা বলতে অস্বীকার করে, বাঙালিকে হিন্দি বলতে বাধ্য করে। এমনকি প্রতিনিয়ত রেল কর্মী ও RPF এর দ্বারা হেনস্থার শিকার হয় বাঙালি। বাংলা ভাষায় কথা বলায় RPF বিভিন্ন সময় বাঙালিকে যাত্রীদের “বাংলাদেশী” দাগিয়ে হেনস্থা করে।
বাঙালির হকারদের উপর অত্যাচার করে RPF, জোর পূর্বক ফাইন করে। জিনিসপত্র ফেলে দেয়।
এছাড়া বিভিন্ন রেল স্টেশনে শৌচালয়ে অনৈতিক ভাবে বেশি টাকা নেওয়া হয়। বেশি টাকা দিতে অস্বীকার করল বাঙালিকে মারধোর পর্যন্ত করা যায়। এ চিত্র হাওড়া স্টেশন থেকে শিয়ালদা- সর্বত্রই দেখা যায়।
এই সবেরই প্রতিবাদে আজ বাংলা পক্ষ বিক্ষোভ করে। বাংলা পক্ষর চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, সৌমেন পন্ডা ও ভাস্কর মুখার্জী।
ডেপুটেশনের পর গর্গ চট্টোপাধ্যায় বলেন, “হিন্দি সাম্রাজ্যবাদী রেলের বাঙালি বিদ্বেষী, হিন্দিভাষী RPF রা বাংলাকে বাবার জমিদারি মনে করে। বাঙালিকে রোজ হেনস্থার শিকার হতে হয়। আমরা সাবধান করে দিচ্ছি। বাঙালিকে হেনস্থার অভিযোগ এলে সেসব ক্ষেত্রে রেল দ্রুত পদক্ষেপ করুক। এভাবে ” বাংলাদেশী” দাগিয়ে বাঙালিকে অত্যাচার করা আসলে আগুন নিয়ে খেলা। আশা করি রেল কর্তৃপক্ষর (জেনারেল ম্যানেজার) তরফে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা তারা দ্রুত পূরণ করবে।”
কৌশিক মাইতি বলেন, “বাঙালি নিজের মাটিতে নিজের ভাষায় রেল পরিষেবা পাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বাঙালির এমন দুর্ভাগ্য যে বাংলা ভাষায় পরিষেবা চেয়ে রোজ আক্রান্ত হতে হয়। আজ আলোচনা খুব সদর্থক হয়েছে। আশা করি পূর্ব রেল দ্রুত বাংলা ভাষার অধিকার সুনিশ্চিত করবে। এবং বাঙালি বিদ্বেষী RPF দের বাংলা ভাষা শেখায় জোর দেবে। “
